শাহবাজ হুসেন
অবস্থান
ম্যানচেস্টার, যুক্তরাজ্যবিশেষত্ব
Tablaআসন্ন অনুষ্ঠান
ম্যানচেস্টারে আ হানড্রেড স্ট্রিংস: কাশ্মীর আর দিল্লির তার
গ্র্যামি-মনোনীত সেতারশিল্পী আদনান খান, সন্তুরে বিনয় দেসাই, আর তবলায় উস্তাদ আকরাম খান ও ম্যানচেস্টারের নিজের উস্তাদ শাহবাজ হুসেন। শুক্রবার, ২০ নভেম্বর, সন্ধ্যা ৭টা, দ্য স্টোলার হল, ম্যানচেস্টার।
শাহবাজ হুসেন সম্পর্কে
শাহবাজ হুসেন খ্যাতনামা ও দক্ষ তবলাশিল্পী। তাঁকে ইউরোপের সেরা তবলাশিল্পীদের একজন বলে ধরা হয়। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও ফিউশন, দুই ধারাতেই প্রাণবন্ত ও সূক্ষ্ম কারুকাজের বাজনার জন্য তিনি পরিচিত।
প্রথমে তিনি শেখেন বাবা, কণ্ঠশিল্পী উস্তাদ মুমতাজ হুসেনের কাছে। পরে তালিম নেন একাধিক গুরুর কাছে: দিল্লি ঘরানার উস্তাদ ফৈয়াজ খান, এবং পাঞ্জাব ঘরানার উস্তাদ শওকত হুসেন খান ও উস্তাদ আল্লা রাখা। এভাবেই তিনি গড়ে তুলেছেন নানা ধারা মেলানো, বহুমুখী এক শৈলী। তিনি ফিউশন দল ইন্ডাস-এর নেতৃত্ব দেন এবং সফররত শাস্ত্রীয় শিল্পীদের সঙ্গত করেন। উত্তর ইংল্যান্ড জুড়ে তিনি তবলা-শিক্ষক হিসেবে সক্রিয়।
এত বছরে তিনি বহু নামী শিল্পীর সঙ্গে কাজ করেছেন, যেমন উস্তাদ ইরশাদ খান, উস্তাদ নিশাত খান, শাশ্বতী মণ্ডল পাল ও দেবস্মিতা ভট্টাচার্য। লয়ের জটিল কারুকাজে দখল আর সঙ্গীতের গভীর বোধ তাঁর বাজনার বৈশিষ্ট্য। এই গুণেই তিনি সঙ্গতকার ও একক শিল্পী, দুই ভূমিকাতেই আলাদা করে চোখে পড়েন, আর তাঁর প্রাণবন্ত, ভাবময় বাজনা শ্রোতাদের মুগ্ধ করে রাখে।
ভারত ও পাকিস্তানের বহু গুণী উস্তাদের কাছে সঙ্গতকার হিসেবে তাঁর খুব চাহিদা। তাঁদের মধ্যে আছেন উস্তাদ সালামত আলি খান, উস্তাদ শাহিদ পারভেজ, উস্তাদ রইস খান, উস্তাদ ফতেহ আলি খান, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া এবং গজলের কিংবদন্তি গুলাম আলি। শাহবাজ নিয়মিত অনুষ্ঠান করতে সারা বিশ্বে যান: গোটা ইউরোপ, উত্তর আমেরিকা ও ভারতীয় উপমহাদেশে।
তিনি বহু নামী মঞ্চে বাজিয়েছেন, যেমন ওয়াশিংটন ডি.সি.-র স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন, নিউ ইয়র্কের লিঙ্কন সেন্টার এবং লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হল ও কুইন এলিজাবেথ হল। কলাসুধার একাধিক কনসার্ট সিরিজ ও প্রকল্পের সঙ্গে তিনি যুক্ত থেকেছেন। তাঁর ব্যান্ড ইন্ডাস-এর প্রথম অ্যালবাম Firefly সমালোচকদের প্রশংসা পেয়েছে, আর ব্যান্ডটি ব্রিটেনে ও বিদেশে সফর করে চলেছে। শাহবাজ হুসেনকে তাঁর প্রজন্মের অগ্রণী তবলাশিল্পীদের একজন বলে মানা হয়। মন কেড়ে নেওয়া বাজনার জন্য তিনি বহু সম্মান পেয়েছেন, তার মধ্যে আছে ২০০৮ সালে পাকিস্তান সরকারের দেওয়া মর্যাদাপূর্ণ “সন অফ লাহোর” পুরস্কার। তবলার জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দেওয়াতেও তাঁর সমান আগ্রহ। তিনি নিবেদিতপ্রাণ শিক্ষক এবং ব্রিটেন জুড়ে নিয়মিত শেখান, নিউক্যাসল বিশ্ববিদ্যালয় ও হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয়েও।